নিজস্ব প্রতিবেদক:
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসাভিত্তিক আলেম-ওলামাদের এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনার পাশাপাশি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মুফতি রুহুল আমিন।
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমানের স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে আইন পাস হওয়ায় আয়োজিত শোকরানা মাহফিলে তিনি শেখ হাসিনাকে এ উপাধি দেন।
সেদিন বক্তব্যে মুফতি রুহুল আমিন বলেছিলেন, ‘এই ১৪ লাখ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে ঘোষণা করতে চাই—কওমি জননী এই উপাধি দিলাম। আপনি কওমি জননী।’
এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায় তাঁর সম্পর্কে।
মুফতি রুহুল আমিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে উপস্থিত হন তিনি। এ সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তাঁর অনুসারী ও উপস্থিত মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হয়।
মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ। পাশাপাশি সরকার স্বীকৃত কওমি মাদ্রাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার সদস্য এবং কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তাঁকে আটকের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কারণ বা পরবর্তী আইনি পদক্ষেপের তথ্য জানা যায়নি।