ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদের নেতারা। আজ বেলা ১১টায় পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মোমতাজীর নেতৃত্বে স্থানীয় ইমাম ও আলেম-উলামারা এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, পরিষদের সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা লিয়াকত আলী, জামায়াতের শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ এবং ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন।
এ ছাড়া পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, মাওলানা রুকনুদ্দীন, মাওলানা আবুল খায়ের ফোরকানী, মাওলানা আবদুল মতিন, মাওলানা ইব্রাহীম, মাওলানা মুহাম্মাদ মুরশিদ আলম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাসউদুর রহমানসহ স্থানীয় অন্যান্য আলেম-উলামা ও নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ এ মতবিনিময় সভায় গত ১৭ অক্টোবর শিল্পাঞ্চলে একটি মাহফিলে এমপি সাইফুল আলম খান মিলনের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত আচরণ, দেশের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মহান সংসদে খতমে নবুওয়াতের সুরক্ষায় বিল উত্থাপন, ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব সংসদ সদস্যের কাছে পেশ করেন নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ১৭ অক্টোবর মাহফিলে সংঘটিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তাঁদের উত্থাপিত দাবিগুলো যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান। সাইফুল আলম খান মিলন এমপি জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী সংসদে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।








