1. admin@mannanpresstv.com : admin :
গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের সেই বিএনপি নেতা - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের সেই বিএনপি নেতা

অনলাইন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। অপহরণকারীদেরকে ২ লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন তিনি। চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন।

মনিরুল হক ফরাজী শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এশিয়া পোস্টকে বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোর রাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে আলোর সংকেত দেন। সামনে এগিয়ে তারা দেখতে পান, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে।

কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে। গাড়ি থেকে নামানোর পর তাকে মারধর করা হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। একই সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।

মনিরুল হক ফরাজীর অভিযোগ, তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে হামলাকারীরা তাকে আরও মারধর করে। একপর্যায়ে মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও তাকে আটকে রাখে। এ সময় তার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয় তারা।

তিনি আরও বলেন, তাকে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটতে বাধ্য করে অপহরণকারীরা। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাকে হাঁটানো হয়। পরে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে তারা। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে নগদ ২ লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় পৌঁছান মনিরুল হক ফরাজী। তার ভাষ্য, শুরুতে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাকে আটকে রেখেছিল। তাদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। ঢাকায় ফিরে চিকিৎসা নিয়েছেন। তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে।

এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন, এমন খবর পাওয়ার পর তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD