আমার তপ্ত মরুভূমিতে
এখনও তোমার নামেই অজস্র অভিযোগে
বিভ্রমের শর-বল্লম- বর্শা ছুঁড়ে মারে
আমি প্রচন্ডরকম রক্তাক্ত হই
তবু আমার অতীতের সায়াহ্নের আলো
ছড়িয়ে পড়ুক তোমার বাড়ির চারপাশে
তোমার বিলাস-বৈভবে ছড়িয়ে পড়ুক
আমার কাড়ি কাড়ি দুঃখ
আমার হৃৎপিণ্ড থেকে বের হওয়া দীর্ঘ নিঃশ্বাস
ছুঁয়ে যাক তোমার সুখের অনুভূতি।
তোমার জন্য আমার এখনও
উৎকণ্ঠা-ভয়-অধীর আগ্রহ আর অপেক্ষায়
অনায়াসে জীবন কেটে যায়
পুরনো কথার ফুলঝুরিতে আমার শরীর মুড়ে
প্রতীক্ষায় কেটে যায় বিনিদ্র রজনী
তোমার ফিরে আসার আশঙ্কায়
সন্ধ্যেবেলার নীল অন্ধকারে
এখনও এক পলকে তাকিয়ে থাকি
আমার এই অনুভূতি ছুঁয়ে যাক তোমাকে
বিভক্ত করুক তোমার বর্তমান।
আমার অস্থিরতা দুঃখ ছিঁড়ে
নিয়তি দেখিয়ে দেয় তোমার নাম
অতীতের স্মৃতিগুলো গাঢ় যন্ত্রণা হয়ে যায়
প্রকৃতি বসন্তের অনুকরণে যদিও
আজ অসংখ্য শাখা ছড়িয়ে দেয়
তবু আমার শেষ দেখার আগেই
তোমাকে দেখার অনুভূতি তীব্রভাবে টানে আমাকে
পুরনো কথায় হেলেপড়া শেষ পরিণতিতে
সহস্র বাসনা মৃতের খুলির মতো জাগ্রত
ফোটা ফোটা রক্ত কণিকা আজ
ক্ষতবিক্ষত দেহে একদম জমাট বেঁধেছে
তোমাকে এক দৃষ্টি দেখার আকর্ষণ ছাড়া
কোনো কিছুই আজ আর স্পন্দিত করেনা আমাকে
নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও একটিবার
আমার জন্য তোমার সীমান্তে দাঁড়িয়ে থেকো।