অজগরের মতো নির্বিষ রাজপথ, দিয়েছে পেতে বুক
রাজহাঁসের ডানায় বিদ্যাপিঠ! দেয়ালে দেয়ালে গ্রাফিতি
প্রজন্মের স্লোগানে কাঁপা তারুণ্যের মিছিল
দ্রোহে ফুঁসে ওঠেছে ইটপাথরের অট্টালিকা।
রক্তে লেগেছে আগুন, চলছে অধিকারের মিছিল
বাকরুদ্ধ শহর! দখল নিয়েছে আজ সকল শিক্ষার্থী
কী মধুর কণ্ঠ! ‘পানি লাগবে পানি, কার লাগবে পানি।’
নেমেছে ঢল, চল চল রাজপথে চল
শুধুই কি কোমলমতি ছাত্র?
অকুণ্ঠ সমর্থন দিয়েছে ঘাম বেচা মানুষও
দেয়ালে ঠেকে গেছে দীর্ঘশ্বাস
চারগুণ হয়ে গেছে প্রতিবাদীদের দৈর্ঘ্য!
পানি লাগবে পানি, কার লাগবে পানি।
অপরাজেয় বাংলা থেকে উড়ল শান্তির কবুতর
দেখল ঘুরে শিক্ষার্থীদের পদযাত্রা
কচি কচি মুখ, ক্লান্তি নেই, ক্ষুধা নেই, নেতৃত্বের লড়াই নেই
নতুন নতুন শব্দ চয়নে, শিহরণ জাগানো স্লোগান
রোদের মতোই ঝলকে ঝলকে ঐক্যবদ্ধ মেধার চমক
‘পানি লাগবে পানি, কার লাগবে পানি।’
না, সে কোনো হকার নয়, মিছিলের সতীর্থ, মেধাবী ছাত্র!
স্ব-প্রণোদিত হয়ে এসেছে ফোটাতে অধিকারের ফুল।
এই তো সেদিন…
এরাই পথে পথে শিখিয়েছিল ট্রাফিক আইন
সড়ক অব্যবস্থাপনায় এনেছিল শৃংখলা
‘পানি লাগবে পানি, কার লাগবে পানি।’
কোটা পদ্ধতির মেরামত চলছে
মেধার মূল্যায়ন চাই,
রাষ্ট্রযন্ত্র মেরামতে মেধাবীদের অংশগ্রহণ নেই
তাই, নেই তাদের পেছনে ফেরার পথ
‘পানি লাগবে পানি, কার লাগবে পানি।’
এখানে পানি বিক্রয় হয় না
এখানে দেশপ্রেম ও ভালোবাসা বিলি হয়
দাঁড়াবার সময় নেই কারো
বিলাচ্ছে পানি তিন বন্ধু বিরামহীন
স্বেচ্ছাসেবক অগুনিত!
শুধু এদিকটায় বেড়ে তিনশো ছাড়িয়ে গেছে
পানি লাগবে পানি, কার লাগবে পানি।
এক দেশপ্রেমিক ঝালমুড়িওয়ালা
ওদের হাতে দিল তুলে পঞ্চাশ বোতল পানি
গামছায় ঘাম মুছতে মুছতে রিকশাওয়ালা
দিল বিশ বোতল
গার্মেন্টস কর্মী দিল দশ বোতল
চাকরিজীবী, বেকার, বাড়িওয়ালা ভাড়াটিয়া
পথের ভিক্ষুক, বাজারের পাগলী, বেকার
কেউ যায়নি বাদ। বাড়িয়েছে দেশপ্রেমের হাত
ভ্যানচালকও লেগে গেল কাজে
তার কাছে টাকা নেই, তাই এসেছে ঘাম বিলাতে
ওরা বায়ন্ন দেখেনি, একাত্তর দেখেনি,
আজ দেখেছে মানুষের জন্য মানুষের কত মায়া
‘পানি লাগবে পানি, কার লাগবে পানি’
হঠাৎ থমকে গেল আকাশ, রোদেলা দুপুরে একখণ্ড মেঘ
চমকে উঠলো বাংলাদেশ! শকুন নেমেছ পথে
ফুলের মতো শিক্ষার্থীর উপর ছুঁড়ছে বজ্রপাতের মত বুলেট
বুলেট তো নয় অগ্নিস্ফুলিঙ্গ! লুটিয়ে পড়ছে অগুনিত ফুল
নির্বিচারে এতো হত্যা কেউ দেখেনি আগে
বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যার পানি লালে লাল
একটি সীসা এফোঁড়ওফোঁড় করে বেরিয়ে গেল
একটুও ঘাবড়ালো না কিশোর উত্তীর্ণ যুবক!
ক্ষীণ কণ্ঠে যাচ্ছে ডেকে—
‘পানি লাগবে পানি, কার লাগবে পানি’
পতাকার লালে ভেসে যাচ্ছে ওর শরীর
কেঁপে উঠছে মানচিত্র, উড়তে ভুলে গেছে পতাকা
ভেসে যাচ্ছে স্বাধীনতা, সাঁতরাচ্ছে বাংলাদেশ
”মুগ্ধ’ কথা বল্ মুগ্ধ, কথা বল্’ বন্ধুর শেষ চেষ্টা!
এই প্রথম
এই প্রথম জানলো সবাই হাস্যোজ্জ্বল ছেলেটির নাম ‘মুগ্ধ’
দিন ভর ছড়িয়েছে মুগ্ধতা
দুহাতে খাইয়েছ জীবন বাঁচানোর পানি
কি নির্মম! মুগ্ধের জীবনই এখন সংকটাপন্ন
না, মিছিল থামানো যাবে না
তার একহাতে পানির প্যাকেট, আরেক হাতে বোতল
উড়াল দেয়ার সময়, হয়নি খাওয়া তার, এক ফোঁটা পানি
পা নি লা গ বে পা নি, কা র লা গ বে পা নি