মিশেছে গঙ্গায় যমুনার জল মিশি নাই তুমি-আমি
এই ভূমিতে সততার সাথে মিশেছে বিপুল ভাণ্ডামি।
ইতিহাস যাঁরা গড়েছে এখানে ইতিহাসে তাঁরা নাই
উড়ে এসে, রাস্তার কাগজ রাজ গ্রন্থাগারে নিল ঠাঁই।
রেসকোর্স ময়দানে জিজ্ঞাসা কর মাঠের প্রতিটি ঘাসে
উত্তর পাবে,মুষ্টিবদ্ধ হাতের আহ্বানে ইতিহাস উদ্ভাসে।
শোনেনি কেউ বজ্রকণ্ঠে বিদগ্ধ ব্যারাকবাসীর আহ্বান
এই ভূমিতেই ইতিহাস পুতে ওরা গাহে মিথ্যার জয়গান।
শত পদধ্বনি শুনে মাটি ভেদি আবার উদিল ইতিহাস
নয়া নকীবের ডাকে সিনবাদী কেহ রহিল না গৃহবাস।
আবার জ্বলিল আগুন শ্লোগানে পোস্টারে, রক্তচক্ষু
ক্লান্ত দুপুর,সানকি ভরা ভাত ছুঁল না কোনো মুক্তিভিক্ষু।
চিৎকার করে ডাকিল সকলে “পানি লাগবে পানি”
স্তব্ধ শ্রাবণের আকাশ লজ্জায় লুকালো আভাখানি।
ঢাক-ডম্বরু বাজায়ে দেশি শকুনেরা,মানুষের উপর
ঝাঁপিয়া পড়িয়া খাবলে নিল শত শত স্বপ্নের ঘর।
তড়িঘড়ি রাতের রান্না সেরে সিরিয়ালে মগ্ন নারী
তরুণ-তরুণীর মাথা উপর সামিয়ানা করেছে শাড়ি।
যাদের বুকে ও পিঠে স্বৈরাচার এঁকেছে আল্পনা
তাদের জন্য শিশু ও বৃদ্ধটি কত রাত ঘুমালোনা।
পিছন পথে,সন্ন্যাসীরা ইতিহাস লেখে ভিক্ষার চালে
ওরা জানে? ইতিহাস ফলে না বিচুটি গাছের ডালে।
তবু কাক বেল খেতে চায় যদি যায় যাক সাধের ঠোঁট
ভালোবেসে কেউ দেবে না জেনেই ঠোকরে নেয় ভোট।
ইতিহাস চোর, চুরি করে ইতিহাস গেলে তৃপ্তির ঢেঁকুর
অন্যন্য জনতা তাদের চিনেছে ওরা সত্যি মেছো মেকুর।
স্বৈরাচারের হাতল ভেঙে শেখ মুজিব গড়েছিল ইতিহাস
স্বৈরাচারের কাটতে ডানা বারেবারে হবে নাহিদেরা চাষ।