শহরের চোখে কান্নার জল মিশে আছে বলেই
শহরের অলিতে গলিতে ক্রমাগত হারানোর ভিড়,
কিন্তু সে শহর আমার নয়।
আমার একটা শহর খুব চেনা, যেটা কবিতার শহর।
এ শহরে শব্দেরা এসে ভীর জমায় ট্র্যাফিক জ্যামের মতো,অনুভূতিরা বসে থাকে মগজের ভিতর।
এই শহরে প্রেমহীন মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ।
ভালোবাসা অনুভূতির শব্দে গাঁথা এই শহর,প্রতিটি রাস্তায় ফুচকার দোকান, ফুসকাওয়ালাও
ভালোবাসার কথা জানে।
এই শহর যেখানে ভালোবাসার হয় না কোন শর্ত।
আজকাল ভালোবাসা জুড়ে মনপোড়া গন্ধ,
আক্রোশ, অবসাদ, অবহেলা আর অবিশ্বাস ঘেরা
ঠিক যেন ড্রয়িংরুমে একলা দাঁড়ানো সবুজ গাছটা শুধুই ফটোফ্রেম।
আমার একটা শহর আছে খুব চেনা শহর,
যেখানে মানুষ মানুষকে চিনে নিতে পারে অনায়াসে বিজ্ঞাপনের দরকার হয় না,
এখানে অধরা নামের মেয়েটা কে আর ভয় পেতে হয় না জন্মাতে।
আমার নিজস্ব শহর,
যেখানে মানুষ থাকে শান্তি ও মৈত্রীর বাঁধনে,
বিশ্বাস আর স্বপ্ন সুখে রঙিন হয় মনের বারান্দা ।
মেয়েটির খলখল হাসি আর পাখির কলরব
মাতিয়ে তোলে আনন্দ নিকেতন।
আমার চেনা শহর জুড়ে ঝিরঝির বয়ে চলে
মানবতার স্নিগ্ধ নদী,
বিভেদ হীন মাতাল বাতাস, আর বুক ভরা
শীতল প্রেমঝোরা।
যে শহর আমার চেনা আমি পৃথিবীময়
সেই শহর এঁকে যাব ভালোবাসার বাসন্তী রঙে;
যার নাম দেবো কবিতা।