এখন আর তোমার কালো শাড়ির আঁচলে
আবেগের অনুভূতি নেই,
পথচলার বাঁকে বাঁকে যন্ত্রণাদের
আনাগোনা….
জানিনা কবে শেষবার সবভুলে তোমার হাত ধরে
রেললাইনে হেঁটে ছিলাম
নাকি আজ?
তুমি কি সুন্দর পিচঢালা রাস্তায়
ছন্দের মানচিত্র এঁকে চলেছো?
বুঝতে পারি, খুব একটা ভালো না থাকলেও
অভিনয়টা দারুণ চালিয়ে যাচ্ছো।
আজ একে অন্যের মধ্যখানে বিস্তর
ফারাক এঁকে দিয়েছো
নিজের অজান্তেই।
ইচ্ছে করে এই দুরত্ব দুমড়ে – মুচড়ে
একাকার করে দিই,
তোমার কালো শাড়ির আঁচলে লুটিয়ে
পড়ুক অযুত জোছনার আলো……
কখন তুমি হাসি মুখে জড়িয়ে ধরে
কানেকানে ফিসফিস করে বলবে
অনেক, অনেক ভালোবাসি,
ভালোবাসার দায় কি শুধু আমার একার?
তুমিও কি অভিমান ভুলে আগে
আসতে পারতে না?
কি জানি,
কোনদিন ঘোর অন্ধকার কাটিয়ে সেই সূর্যটা সত্যিই উঁকিঝুঁকি দেবে কি না?