আজব শহর বিশাল বহর লোকে বলে “ঢাকা”।
এসে দেখি, ও-মা, এ-কী? পুরোটাই যে ফাঁকা!
ক্ষণে ক্ষণে ভাবি মনে “ঢাকা” হলো কীসে?
ঘুরি ফিরি ভেবে মরি পাই না কোনো দিশে!
যারেই জিগাই কয়, “সময় নাই অতো কিছু ভাবার,
বুঝি তবে খাচ্ছো ভবে কামাই তোমার বাবার।”
গবেষণায় কত্তোজনায় হলো জগতখ্যাত।
নয়তো গল্প অল্প স্বল্প আমিও তা জ্ঞাত।
আমিও তাই গবেষণায় ব্যস্ত দিনে-মাসে!
কদম-কেয়া সুবাস দেয়া বর্ষা-বাদল আসে।
আকাশ ফোঁড়ে বিষ্টি পড়ে পথে ঘাটে থৈ থৈ,
নীচু ঘরে জলে ভরে শহর জুড়ে হৈ চৈ!
সবিস্তারে আবিস্কারে সফল হলেম বুঝি,
এই পেয়েছি! পেয়ে গেছি! নিশিদিন যা খুঁজি!
মহানগর যেনো সাগর নয়কো মোটে ফাঁকা,
গভীর জলে ঢাকা বলে শহরের নাম “ঢাকা”।