1. admin@mannanpresstv.com : admin :
রহস্যময়ী - শাহরিয়ার মাহমুদ ছামির - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

রহস্যময়ী — শাহরিয়ার মাহমুদ ছামির

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ Time View

রহস্যময়ী,
আমি তোমাকে খুঁজে চলেছি আমার জন্ম থেকেই,
কখনো মায়ের কোলের উষ্ণতার মাঝে
কখনো খেলনা,
কখনো প্রিয় কার্টুন,
বা কখনো স্কুল ব্যাগের মাঝে ।

আমি তোমাকে খুঁজে চলেছি,
কৈশোরে পা দেওয়ার সময় থেকেই,
কখনো চাকা পাংচার হওয়া সাইকেলের মাঝে,
কখনো ভিডিও গেইমস,
কখনো স্কুলের সিঁড়ি,
কখনোবা ক্রিকেট ব্যাটের মাঝে ।

আমি খুঁজে চলেছি তোমাকে,
দীর্ঘ একটা সময় থেকেই,
কখনো শিশির ভেজা ভোরের মাঝে,
কখনো তপ্ত দুপুরে,
কখনো বিবর্ণ বিকেলে,
কখনোবা বৃষ্টিস্নাত সন্ধ্যায় ।

আমি খুঁজে চলেছি তোমায়,
নির্ঘুম রাতের অন্ধকারে,
কখনো মন খারাপের দিনগুলোতে,
কখনো হেমন্তের নীল আকাশ,
কখনোবা মেঘের গর্জনে ।

আমি এখনো তোমাকে খুঁজে চলেছি,
কোলাহল পূর্ণ জনপদে,
সমুদ্রের গভীরতায়,
গহীন অরণ্যের নির্জনতায়,
মহাকাশের বিশালতার মাঝে ।

তোমায় খুঁজেছি,
ছুটে চলা গ্রহাণুর মাঝে,
কখনো খুঁজেছি রঙ্গিন রংধনু,
ধুলো মাখা পথ,
পাহাড়ের কোণার ছোট্ট গুহার মাঝে ।

তোমায় খুঁজেছি,
ঘুম ঘুম চোখে,
ক্লান্ত পরিশ্রান্ত শরীরে,
কখনো খুঁজেছি ব্যস্ত শহর,
কর্মমুখী মানুষ,
আর গন্তব্যহীন চঞ্চল চোখের মাঝে ।

তোমায় খুঁজেছি,
কুয়াশাচ্ছন্ন সকালের মিষ্টি রোদে,
কখনো খুঁজেছি ধুমায়িত চায়ের কাপে,
কখনোবা ধুলো জমা বইয়ের মাঝে ।

তোমায় খুঁজেছি,
ভোরের নির্মল হাওয়ার মাঝে,
শরতের কাশফুলের শুভ্রতার মাঝে,
কখনো খুঁজেছি শুকতারার মাঝে
কখনোবা খুঁজেছি ধূমকেতুর মাঝে ।

তোমায় আমি খুঁজেছি,
কখনো অসমাপ্ত প্রেমের গল্পে,
কখনো বিষাদময় বিচ্ছেদে,
কখনো খুঁজেছি বন্ধুর বিশ্বাসঘাতকতায়,
কখনোবা খুঁজেছি নিজের অস্তিত্বহীনতায় ।

আমি তোমায় এখনো খুঁজি,
অভিমানী চিঠির মাঝে,
অজানা ভুলের মাঝে,
সুরভিত ফুলের মাঝে,
কখনো খুঁজি সূর্যদয়,
বা সূর্যাস্তের মাঝে ।

তোমায় আমি খুঁজি,
স্বৈরাচারের অত্যাচারে,
পথে বসানো ব্যারিকেডে,
কখনো খুঁজি বুক ঝাঁঝরা করা বুলেটে,
কখনোবা মৃত্যুদূত বোমার মাঝে ।

তোমাকে আমি খুঁজি
পাখিদের মিষ্টি গানে,
বেলীর ঘ্রাণে,
কখনো খুঁজি কাঠগোলাপের সৌন্দর্যে,
কখনোবা কৃষ্ণচূড়ার লালে ।

আমি তোমায় খুঁজে চলেছি উদ্দেশ্যহীন ভাবে,
জানি না কোন সুতার টানে,
অদ্ভুত এক রহস্যময় আকর্ষণে,
তোমার সন্ধানে ঘুরছি আমি ।

হে রহস্যময়ী,
জানি না কে তুমি,
কোথায় তোমার বাস,
জানি না তোমার দেখা কখনো পেয়েছি কিনা,
বা কখনো কি হবে আমাদের দেখা ।

প্রিয় রহস্যময়ী,
এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে,
আমাদের দেখা হোক,
কথা হোক,
পাশাপাশি বসা হোক,
হাতে হাত রেখে হাঁটা হোক কোনো এক পূর্ণিমার রাতে ।

আমি জানি তুমি আসবে,
তুমি আসবে মৃতপ্রায় এই হৃদয়ে প্রেমের বৃষ্টি হয়ে,
সকল ব্যথার উপশম হয়ে,
আসবে তৃষ্ণার্ত মনের ভালোবাসা হয়ে ।

জানি তুমি আসবে,
তোমাকে আসতেই হবে
হে রহস্যময়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD