আমরা অনেক কিছুই তো ছুঁতে পারি না,
এ যেমন আকাশের তারা,
ফেলে আসা শৈশবের বিকেল,
অথবা কোনো প্রিয় মুহূর্তের উষ্ণতা।
ইচ্ছে করলেই ছুঁতে পারি না চাঁদের আলো,
ধরে রাখতে পারি না কারও হৃদয়ের গভীরতা,
সব ভালো লাগারই যে মালিক হতে হবে,
এমন কোনো নিয়ম নেই।
সব ফুল ছিঁড়ে হাতে নিতে হয় না,
কিছু ফুল বাগানেই সুন্দর।
তেমনি সব মানুষকে কাছে পেতে হয় না,
দূরে থেকেও কেউ কেউ অনেক কাছে ।
যেমন আকাশের নীল—–
স্পর্শ করা যায় না,
অথচ তার মুগ্ধতা ভরিয়ে রাখে সারাবেলা।
তাই সব সুন্দর ছোঁয়ার জন্য নয়,
কিছু সুন্দর শুধু অনুভবের জন্য।