বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা মো. শেফাউল হক।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর ড্রিম কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুর রব নবনির্বাচিত জেলা আমীরকে শপথবাক্য পাঠ করান। এ সময় তিনি সংগঠনের দায়িত্ব পালনে আদর্শ, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা মো. দেলোয়ার হোসেন। উদ্বোধনী বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক ড. মাওলানা মো. খলিলুর রহমান মাদানী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মো. জামাল উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি ইয়াছিন আরাফাত ও গাজীপুর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাঈল পাঠান।
শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত আমীর মাওলানা মো. শেফাউল হককে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন এবং আর্তমানবতার সেবায় নবনির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদী। গাজীপুর জেলায় ইসলামী আন্দোলনের দাওয়াত আরও বেগবান করা এবং সংগঠনের নীতিনির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য, ইউনিয়ন আমীর, সভাপতি এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতিরা অংশ নেন।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








