কষ্টগুলো ফেলে দেইনি-
জমিয়ে জমিয়ে রেখে একটি পাহাড় বানিয়েছি,
কান্নাকে লুকিয়ে রাখিনি-
সেই পাহাড়ের ঝর্ণাই অশ্রুপাত,তাও মানিয়েছি।
সুখের পায়রা বেঁধে রাখিনি
তোমার আকাশে উড়িয়ে দিয়েছি নিজের হাতে,
দুঃখের নদীতে বাঁধ দেইনি
ঝড়তুফান আমার আঙ্গিনায় ঢুকতে পারে যাতে।
ভালোবাসি,মুখফুটে বলিনি
হৃদয়ের জমাট রক্তকনিকা ভেসে বেড়ায় স্রোতে,
অনাহুত কথাগুলো ভুলিনি
ছুটে চলেছি বন্ধুর পথে পথে অবহেলার দ্বৈরথে।
আর পেছন থেকে ডাকিনি
তুমি চলে গেলে রঙিন পালতোলা না’য়ে সুদূরে,
কতকিছু তনু-মনে মাখিনি
তাইতো ভালো আছি বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে।
………………………………………..
০৬/১০/২০২২@ যশোর,খুলনা