সেই দিন থেকে ঘুরপাক খাচ্ছিলো আমারই বোধ;
আর ড্রেসিং টেবিলের আয়নায় থাকা প্রতিচ্ছবি,
ঠোঁটে যতই বেসেলিং মাখি না কেনো, সেই ক্ষত দাগ আর যায় না—
অপরিচিত সেই হাত ঠিক আমার ঘাড়ে ছুঁই ছুঁই করে,
আমি কি সেই হাতটাকে চিনি!
না-কি তুমি চিনো!
উত্তরটা জানা খুবই প্রয়োজন।
দিনে দিনে ক্লান্ত হচ্ছে পুরো শরীর
নিঃশ্বাস হচ্ছে ভারী
অপ্রত্যাশিত দাবানলে পুড়ছে অন্তর-আত্মা,
আমি সেই আত্মার গন্ধ পাচ্ছি,
শরীর পোড়া গন্ধ—
সেই পোড়া শরীরে পিপীলিকার পদভার অসহ্য!
তনু-মনে কী যে আর্তনাদ
জোৎস্না পানে তৃপ্ত করো, প্রসিদ্ধ করো হে চকোরী,
আমি;
আমি টের পাচ্ছি, আমারই আত্মা তখনও ঘুমঘোরে —
প্রতিচ্ছবিতে কেউ-তো একজন আছে!
সে কী নারী? সে কোন্ নারী?
বলতে পারো, উত্তরটা জানা খুব জরুরী।