জীবন এক দার্শনিক কণা
সবাই দেখে পৃথিবী দিগন্তে হারায়—
পুতুল নাচের ইতিবৃত্ত মনোরম
আসলে কি পৃথিবী জীবন থেকে পালায়?
সবার দেখার মাঝেও ভুল থাকে
অথচ তা প্রমাণিত, প্রাজ্ঞতার সীমানায়–
কতো কোলাহল, শূন্যে মিলায় ফানুস
দেখার মাঝে অদেখা তরী, কোথায় হুঁশ!
জীবন এক তুষার
অস্তিত্ব জানান দিয়ে মিলিয়ে যায়
আকাশে, কখনো স্থলে, কখনো জলে
কখনো বায়বীয় গন্তব্য উড়াউড়ি
শক্ত বরফখন্ডে পড়ে যার মাথা ফেটেছে
তার কাছে এ গল্প ভারী।
আলো ও সৌন্দর্যে পৃথিবী হাসে
অদেখা আমি’র ডানা ছেঁটে ফেলে সবে,
দেহ যেনো তুষার, মিলিয়ে যাবার অপেক্ষায়
নির্জনে, নীরবতায় প্রশ্ন করো তুমি আমি কে?