হঠাৎ একটা মজার গল্প
পড়ল আমার মনে ,
লিখছি তাই লেখার নেশায়
পড়ুক আপনজনে ।
কিশোর বেলায় ব্যান্ড পার্টির
দলে ছিলাম আমি ,
এ গল্প ভীষণ সত্যি
জানে অন্তর্যামী ।
সেটা ছিল শীতের রাত
বাজনা বাজাতে হবে ,
মোবাইল তখন গবেষণাগারে
ল্যান্ড ফোন ছিল তবে ।
সে যাই হোক বিকেল হতেই
দল বেঁধে চলে যাই ,
যেতে হবে অজ পাড়াগাঁয়ে
চিন্তা বড় যে তাই ।
গাঁয়ের মোড়লের ছেলের বিয়ে
অগ্রিম নিয়ছি মোরা ,
ট্রেনে চেপে বসে ভাবছি সবাই
জ্বরে জুবুথুবু গোরা ।
অর্ধেক পথ পার হয়ছি
হঠাৎ অঘটন ,
ট্রেন মাঝপথে দাঁড়িয়ে গেল
চিন্তায় সকলের মন ।
রেলগাড়ি নড়লো যখন
সন্ধ্যা সাতটা দশ ,
বলাই দাদার মুখ গোমড়া
শুকিয়ে গেছে রস ।
অর্ধেক পথ এখনো বাকি
তারপর হাঁটতে হবে ,
গোরা এখন নড়ছে চড়ছে
জ্বর কমেছে সবে ।
অবশেষে ট্রেন দাঁড়ালো
আমরা নামবো যেথায় ,
নামার সময় চিৎকার চেঁচামেচি
হচ্ছে দেখি সেথায় ।
আমাদের দেখে ছুটে আসে
মোড়লের দলবল ,
এই মারে এই মারে অবস্থা তখন
মুখে সুরার গন্ধ গলগল ।
অনেক বোঝানোর পর থামলো সবাই
এবার হাঁটার পালা ,
দেখি ঝরঝরে ভ্যান রিক্সা এনে
বলছে ওঠ শালা ওঠ শালা ।
বিয়ে বাড়ি সবাই যখন
গিয়ে হই উপস্থিত ,
বাড়ির মেয়েরা বর’কে সাজিয়ে
গাইছে তখন গীত ।
আমরা সবাই তড়িঘড়ি নিজেদের
তৈরি করে নিলাম ,
আসর মাতিয়ে বর’কে নিয়ে
কনের বাড়ি হাঁটা দিলাম ।
বাজনার তালে তালে সবাই দেখি
আনন্দ করে নাচে ,
জেনারেটরের আলোয় পথের দু-ধারে
লোকজন দাঁড়িয়ে আছে ।
কতজনে বলে এদের ক্লাবের
ব্যান্ড পার্টির খুব নাম ,
তাইতো সবাই এদের চায়
এদের খুব দাম ।
শুনে খুশি হয়ে জোরে বাজাই
আজ ফাটিয়ে দেবো ,
কনের বাড়ি পৌঁছে গেলাম
এবার বিশ্রাম নেবো ।
অনেক রাত হয়ে গেছে
আজ হবেনা ফেরা ,
খাওয়া দাওয়া সেরে শুতে হবে
এখানেই নিতে হবে ডেরা ।
খাওয়া শেষে প্রকৃতির ডাকে
সাড়া দিতে গোরা কালা চাঁদু ,
পাড়াগাঁয়ে মাঠের দিকে
নিয়ে গেল খাঁদু ।
একটু পরেই হঠাৎ শুনি
চোর চোর চোর ,
একটু সবে তন্দ্রা এসেছে
বহু দেরি হতে ভোর ।
বিয়েবাড়িতে ধর ব্যটাকে
চিৎকার চেঁচামেচি ,
আমি একটা ক্ষুদ্র মানুষ
ভয়ে কেঁচো হয়ে আছি ।
কয়েকটি ছেলে ছুটে এসে
বলে কনের বাবাকে ,
এই দেখুন জামা প্যান্ট
গন্ধে ভরপুর তামাকে।
চোরগুলো ভয় পেয়ে
রেখে গেছে হয়তো ,
আমরা হলাম এই পাড়ার
করে জানি ভয়তো ।
চেঁচামেচি শুনে বলাই দাদা
গিয়ে দেখে প্যান্ট জামা ,
সব দেখে চক্ষু চড়কগাছ
বলে ওরে চিৎকার থামা ।
ওরে বল ভাই এগুলো
তোরা পেলি কোথা থেকে ,
প্রকৃতির ডাকে সাড়া দিতে
কালা চাঁদু গেছে রেখে ।
সবাই-কে বুঝিয়ে আমরা গেলাম
খুঁজতে নিজেদের লোক ,
টর্চ জ্বেলে আমার ডাকি তোরা কোথা
গোরা কালা ওরে একি দুর্ভোগ ।
হঠাৎ সাড়া দেয় পুকুর থেকে
এই যে দাদা আমরা এখানে ,
আরে গন্ড মূর্খ শীতের রাতে
কি করিস সবাই ওখানে ।
আর বোলোনা ওগো বলাই দাদা
চোর চোর শুনে আমরা ভয়ে কাদা ,
কয়েকজন এসে জামা প্যান্ট নিয়ে গেল
আজ বনে গেছি সত্যি বোকা হাঁদা ।
টর্চের আলো সবার মুখে পড়ে
মাথার উপরে তারা ভরা অম্বর ,
কালা বলে জল ছেড়ে উঠতে পারছিনা
বন্ধ করো টর্চ আমরা এখন ক্ষ্যাপা দিগম্বর ।
*পবিত্র আলোর স্পর্শে জীবন হোক আনন্দময়*