নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে প্রকাশ্যে নারী শ্রমিক নূপুরকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে আবদুর রহমানের দেওয়া এক প্রতিবাদী বক্তব্যে বলা হয়, শ্রমিক হত্যা নিয়ে শুধু বিচারের দাবি নয়, অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
বক্তব্যে বলা হয়, মিরপুরের শিয়ালবাড়িতে প্রকাশ্য রাস্তায় একজন নারী শ্রমিককে চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়; বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। একজন শ্রমিকের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ সময় পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা বা ব্যক্তিগত বিরোধ হিসেবে দেখার বিষয়ে প্রশ্ন তুলে বলা হয়, একজন শ্রমিকের প্রাণহানির ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই।
প্রতিবাদী বক্তব্যে আরও বলা হয়, একজনকে গ্রেপ্তার করেই দায়িত্ব শেষ করা যাবে না। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। প্রকাশ্যে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারও প্রকাশ্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
বক্তব্যে শ্রমিক ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলা হয়, শ্রমিকের জীবন ও নারীর জীবন কোনোভাবেই সস্তা নয়। নূপুর হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে কর্মক্ষেত্র ও রাস্তাঘাটে শ্রমিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।
প্রতিবাদী বক্তব্যের শেষাংশে বলা হয়, “নূপুর হত্যার বিচার চাইব না, বিচার করব। নইলে রাজপথ ছাড়ব না।”
এ ঘটনায় নূপুর হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সব অপরাধীর গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তর শাখা।