বিনোদন প্রতিবেদক:
বাবার পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তাই নিজের অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তির আগে বেশ আবেগাপ্লুত তিনি। আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি।
সিনেমাটি মুক্তির আগে নিজের পাশাপাশি পুরো সিনেমার কলাকুশলীদের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন ভাবনা।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে ভাবনা লেখেন, ‘আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমা “যাপিত জীবন”-এর প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং।’
তিনি আরও লেখেন, ‘অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এই সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের। সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা, টানাপোড়েন ও নানা সংকটের চিত্র তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।
আগামী ২০ নভেম্বর সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। বাবার পরিচালনায় মেয়ের প্রথম অভিনয়—এমন বিশেষ অভিজ্ঞতা নিয়ে ‘যাপিত জীবন’ কতটা দর্শকপ্রিয়তা অর্জন করে, এখন সেটিই দেখার বিষয়।