সুয্যি মামা রাগ করেছে
মাথা বেজায় গরম,
বুইড়া দাদা তাপদাহে ওই
খেয়েছে লাজ শরম।
খোকা-খুকি উদাম গায়ে
ঘরে কাটায় বেলা,
বিড়াল ছানার চেহারা ভার
বাইরে নিষেধ খেলা।
ঈশান কোণে আঁধার করে
ডাকছে দেয়া গুড়ুম,
সবাই তাকায় আকাশ পানে
বৃষ্টি শুরু দুরুম।
শীতল হাওয়ার পরশ পেয়ে
নাচছে খোকা-খুকি,
ডোবার জলে কোলা ব্যাঙরা
দিচ্ছে সুখে উঁকি।