আচ্ছা, আমার চোখে চোখ রাখলে
তোমার মনের ভিতর কি তোলপাড় শুরু হয়ে যায়?
ভিতরে ভিতরে কি জড়িয়ে ধরে বুকের সাথে মিশে থাকতে ইচ্ছে করে?
কালবৈশাখী ঝড় কি তোমার মন পিঞ্জিরায় তান্ডব লীলা শুরু করে দেয়?
বসন্তের কোকিল কি কুহু কুহু সুরে ডাকতে শুরু করে?
ধমনী আর শিরা-উপশিরা গুলো কি রক্তের সঞ্চালন বেসামাল করে দেয়?
চোখের পাতাগুলো কি পাপড়ি বন্ধ করতে ভুলে যায়?
দুটি হাত চেপে ধরে কি বলতে ইচ্ছে করে আরো কিছুক্ষণ থাকো আমার কাছে?
শরীর কাঁপনের সাথে তাল মিলিয়ে ঠোঁট দুটো কি কিছু বলার অপেক্ষায় ভিতরে ভিতরে থরথর কাঁপতে থাকে?
সেই শিউলি তলা, সেই শান বাঁধানো ঘাট,
অবারিত সবুজের মাঠ কি তোমার চোখের সামনে এসে এক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দাঁড় করিয়ে দেয়?
আমি কিন্তু তোমার চোখের ভাষা মুখের ভাষা বুঝতে পেরে অবাক দৃষ্টিতে তাকিয়েই থাকি।
অপর প্রান্তে আমার মনের পরতে পরতে থাকে আমার কবুল করা বা সাত পাকে ঘোরা মানুষটি।
তার ভালোবাসা আর রোমাঞ্চের মুহূর্তগুলো,
তার খুনসুটি,তার ছেলেমিপনা,
ক্লান্ত বিকেলে তার হাতের এক কাপ চা,
সন্ধ্যায় বাড়ীতে ফেরার অপেক্ষায় দরজা খুলে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা
হাতের ব্যাগটা হাত থেকে নিয়ে যথাস্থানে রেখে
কপালের বিন্দু বিন্দু ঘামগুলো আঁচল দিয়ে মুছে দিয়ে এক গ্লাস সরবত বানিয়ে খাওয়ানো, এসব আমি কিভাবে তুচ্ছ করি?
কি করে ওকে ফাঁকি দেই বলো?
তোমার সামনের দাঁড়িয়ে এই স্মৃতিগুলো যখন আমার বারবার মনে পড়তে থাকে, তোমার দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার আর কোন কিছুই করার থাকে না।
এ সমাজ সংসার যখন সামনে এসে দাঁড়ায় তখন আমি ভুলে যাই ভালোবাসার কথা,
আমার সেই হারিয়ে যাওয়া ভালোবাসার কথা,
যদিও মনে জাগায় ব্যথা তারপরও আমি মানিয়ে নিয়েছি আপন ভুবন।
তুমিও হয়তো ভুলতে পারবে না কোনদিন
শুধু কি এক নজর দেখার জন্য, মাইলের পর মাইল ছুটে আসবে আমার কাছে?
আমি হয়তো জানবোও না আমার অলক্ষে তুমি আমাকে দেখে চলে যাবে।
এই যে ভালোবাসা, আমি কেমন করে এর প্রতিদান দেব বলো?
জগত সংসারের মায়ায় জড়াতে জড়াতে ভুলেই গেছি আমাদের একটা জীবন ছিলো
সে জীবন ছিল স্বচ্ছ পানির মত টলমলে,
বৃষ্টির পরে সবুজ প্রকৃতির মত,
শান্ত ভোরের মতো নির্মল,
দুপুরের নির্জনতার মত শান্ত,
পড়ন্ত বিকেলে হাত ধরে সূর্যাস্তের দিকে হেঁটে যাওয়ার মত রোমান্টিকতা,
রাতের বেলার ঝলমলে জ্যোৎস্নার মত স্বচ্ছ,
অথচ আজ সবকিছু সয়ে গেছে মনে
শুধু নিয়তি মিলিয়ে গেছে দিগন্তের কোন সীমানায়।
সেখান থেকে পিছু ফেরানোর আর কোনো পথ নেই-
তুমি যেখানেই থাকো ভালো থেকো
মনে মনে এই কামনা টুকু ছাড়া, আর কিছুই বলার নাই আমার।