হে সুনীতি, ফিরে এসো এই বাংলায়
আহা, কতোকাল দেখি না তোমায়,
এই মন তোমাকে ফিরে পেতে চায়
নাকি, পালিয়ে গিয়েছো তুমি অন্য কারো ঘরে
অতিদূর কোনো নির্বাসনে, অন্য কারো হাত ধরে?
হে সুনীতি, তুমি এমন নিরব-নিথর কেনো!
তুমি এমন কালা পাথর কেনো?
আমাদের চিৎকার কী শুনতে পাওনা!
আমরা তো আঁধারে হারিয়ে যাচ্ছি!
আমরা আজ পথভ্রষ্ট, সন্তানেরা দিকভ্রান্ত!
হে সুনীতি, হে আমাদের মুক্তির আলোক ছায়া
হে শূন্য দেয়াল, বাতাসে কান পেতে শোনো,
যে বাতাস উড়িয়ে নেয় মানুষের সুখ স্মৃতি
সে বাতাসের কাছে বিনীত প্রার্থনা,
হে বাতাস, আমাদের সুনীতিকে ফিরিয়ে দাও।
আমাদের পবিত্র করো শিশুর মতো!
আমাদের পবিত্র করো যীশুর মতো!
ফিরে এসো স্বর্গ-নগরীর চাবি নিয়ে!
এখন আমাদের বিবর্ণ সময় কাটে
‘বেনীতি’র দুষ্ট যাঁতাকলে।