বিন্দু বিন্দু প্রেম মানে
হাজার খানেক উপমাময় ভালোবাসার কবিতা,
হৃদয়ে লুকায়িত অনন্ত পিপাসার
অনুরাগে প্রেম সলিলে ডুব দেওয়া,
বিন্দু থেকে প্রেম সিন্ধু মোহনায়
প্রেম অমৃত ভরায় হৃদয় কুটিরে।
বিন্দু বিন্দু প্রেম মানে
গোটা একটা নির্ঘুম রাত, অভিমানের দীর্ঘশ্বাস,
মন খারাপের ক্ষনে চোখের অশ্রু বিলাস,
বিন্দু বিন্দু স্ফুলিঙ্গে গড়া প্রেমের শিখা লেলিহান
প্রেমরসে আগুনে পুড়ায় তনু মন অনন্তকাল।
বিন্দু বিন্দু প্রেম মানে
ভালোবাসার প্রতিটি ফোঁটায় আজন্ম লালিত স্বপ্ন
একবুক তৃষ্ণার আকুল আগ্রহে অপেক্ষা,
লীন হয়ে যাওয়া অতলান্ত প্রশান্ত উন্মত্ত বুকে,
উষ্ঠ বিন্দু রেখা সদ্যকৃত প্রেম মাতাল
অন্তরীক্ষ উন্মাদ ব্যকুল উচ্ছ্বাস নৃত্য।
বিন্দু বিন্দু প্রেম মানে
গভীর প্রগাঢ় নিগূঢ় প্রাণোচ্ছল অনুভূতি,
দিগন্ত বিস্তৃত মোহনীয় আলোর
আবেশ স্নিগ্ধ হাসির উচ্ছল বর্ণ ছটা,
ক্ষুদ্র অনুভবেও প্লাবনে ভাসে শিহরিত হয় হিয়া
হৃদয়ে বহে প্রেম বরষা অঝোর বারিধারা।