অলিখিত সার্টিফিকেটে প্রিয় ডাকনাম
ভালোবাসার এক অন্যরকম রূপ
বুকের গহীনে খোদাই চিত্রায়ণ,
ভালোবাসার মুকুটে অহংকারের পালক,
দুই আত্মার একনাম আদরের চাঁদর
মুছে ফেলা বারণ এ জন্মে আমরণ।
নক্ষত্রের আলো ছেদ করে নামের জৌলুস
দীপ্তি ছড়ায় হৃদয়ে সুরের ছোঁয়ায় গানে গানে,
মধুর রূপ ছন্দে মনের প্রকোষ্ঠে জ্বালায় প্রদীপ
রূপোলী রোদের আদলে মুহূর্তের প্রশ্বাস,
নিবিড় নিগূঢ় স্পর্শে গেঁথে আছে অমৃত বচনে
ধ্বনিত হয় প্রিয় ডাক নাম হৃদয় গভীরে।
প্রণয় জলরোদে আঁকা প্রিয় নামের ছোঁয়া
শুষ্ক রুক্ষ স্নিগ্ধ হৃদয়ে বসন্ত আসে, আসে প্রশান্তি,
তুমি ডেকে যাও আদরের ডাকনামে
যে নাম শুনলে মনে রবে তোমার প্রতিচ্ছবি,
ললাটের সৌমতায় লিখে দাও প্রিয় নাম
এঁকে দাও চন্দনে অদৃশ্য অক্ষরে স্বপ্নের রঙে।