প্রেক্ষাগৃহে যখন থই থই ভীড় ঠাসা,
আর সকলের চোখ গুলো যেন মঞ্চজুড়ে
রঙিন লাইটের মতো ঘুরছে।
চেনা অচেনা মানুষের ভীড়ে
আমার চোখ দুটো তখন আটকে গেল
ঠিক মঞ্চের মাঝে।
তোমায় ঘিরে অনেক
চেনা অচেনা মানুষের ভীড়
কাছে পৌঁছানোর ফুসরত নেই ।
অনেক কিছু বলার ছিল সেইদিন
কেমন আছো? আরো ইত্যাদি……
তার আর সুযোগ পেলাম কই।
গ্রীস্মের রোদ্দুরে ক্লান্ত শরীর এলিয়ে-
ঘুমিয়েছি তোমার কোলে মাথা রেখে
বটের শীতল ছায়া তলে।
বসন্তের হোলির রঙ
একসাথে করে মেখেছি গাঁয়ে
শরতের কাশফুল গুঁজে দিয়েছি
তোমার খোঁপায়।
শীতের উত্তুরে হাওয়াকে পাত্তা দেইনি
সেদিন হেমন্তকে অনেক সেদেছি
কিছু বলার জন্য ।
না-বলা কথা আর হলো না বলা
তাই অনেক কষ্টে আমার চোখের—
বর্ষাকে আটকে রেখেছি।