ঝিরিঝিরি বৃষ্টি আর বরফ শীতল হাওয়ায়
মন উড়ে যায় স্মৃতির বনে।
বৃষ্টি ভেজা গোধূলির আলো ছায়ায়
কবিতারা ভীড় জমাতো আমাদের পাশে।
হাতে হাত রেখে কবিতায় মগ্ন হয়ে
কেটে যেতো সারাটা সন্ধ্যা।
মনে আছে তোমার সেই দিনের কথা?
কাক ভেজা হয়ে বাড়ি ফিরেই
বায়না ধরলে রাতে খিচুড়ি খাবো
বেগুন ভাজা আমের আচার চাই কিন্তু?
মহারাজের বায়না, না করার উপায় আছে?
বারান্দায় চেয়ার পেতে কতো গল্প হতো
পাখিদের কলতান, দখিনা হাওয়া
হাসনাহেনার সুবাস, আগামীকালের রুটিন
সবকিছু এখনো চোখে ভাসে।
আচ্ছা, স্মৃতিরা এ-তো বেহায়া কেন?
না চাইতেই চলে আসে চোখের কোণে
আজও গোধূলি লগ্নে উদাসী মন
এলোমেলো করে বর্তমানকে।