আমি ফিরে যাই বারবার—
ঐ পাহাড়টির টানে।
একাকিত্ব যখন
আমার কাঁধে অবতরণ করে,
মানুষের কোলাহলও
তখন অনাথ লাগে।
পাহাড় দাঁড়িয়ে থাকে—
সহস্রাব্দের ধৈর্য ধারণ করে,
ঠিক আমার নীরব ক্লান্তির
সমান উচ্চতায়।
মানুষের কাছে প্রতিটি বেদনার
জবানবন্দি দিতে হয়।
তাই ইদানীং মানুষের চেয়ে,
পাহাড়কেই বেশি বিশ্বাস করি।
হয়তো সেখানে
আমার কোনো ঠিকানা নেই,
তবুও পৃথিবীর আর কোথাও
নিজেকে এত নির্ভুলভাবে
খুঁজে পাই না।
তাই একাকিত্ব যখনই দুয়ারে কড়া নাড়ে,
আমি মানুষের কাছে নয়,
ছুটে যাই ঐ পাহাড়ের কাছে।
কারণ, সব আশ্রয়ের নাম হয় না।