ছুটছে ঘোড়া লাগাম ছোটা
মেঘের দেশে ভেলায় ওঠা
পায়না লাগাম ধরতে ঘোড়ার
ভাবছে খোকা তাই –
খোকার ঘোড়া ভাসছে নীলে
আকাশ ছোঁয়া চাই !!
ছুটছে ঘোড়া সাদা মেঘে
হার মেনেছে ছুটছে বেগে
চাঁদ তারারা দিশেহারা
আকাশ বুকে নাই –
খোকার তো সাধ মস্ত বড়ো
আকাশ ছোঁয়া চাই !!
উল্কা ছোটে নীলাভ তারা
তাতেই ওরা দিশেহারা
খোকার সাথে কেউ পারে না
খোকার ঘোড়া বেশ –
আকাশ ছোঁয়া চাইগো খোকার
যাবেই চাঁদের দেশ ।।
দুই : তুবামনি
এই বোশেখে কচকচে আম,
কাঁঠাল যদি পাকে –
ঘর জুড়ে তার মিঠাই মিঠাই
লিচুর ঝুড়ি থাকে !
কড়া রোদে, মেঘলা আকাশ
টসটসা জাম পেলে,
তুবা কি আর কথা বলে
খাবেই হেসেখেলে !!
ওসব কাছে পেলেই খুশি
এটা ছেড়ে ওটা,
তুবা যাবে ভীষণ রেগে
কেউ যদি দেয় খোটা।
ফলফলাদি পছন্দ খুব
বাড়ছে রুচি মুখে,
বাড়ছে মুখের বুলি ভীষণ
বাড়ছে সাহস বুকে ।
পান্তা ইলিশ দিয়ে শুরু
ফল দিয়ে হয় শেষ,
বোশেখ জ্যৈষ্ঠ তুবামনির
কাটবে ফলে বেশ !!
ঠিকানা :
শফিকুল আলম টিটন
মিরপুর – ৬, ঢাকা – ১২১৬।
মোবাইল : 01974948875