কবি –কামরুন নাহার শিপু এর কবিতা // অতৃপ্ত প্রেম
আপেক্ষিক সময়ের দ্বার প্রান্তে অতৃপ্ত ভালোবাসার
শেষ ঠিকানা, চেনা মানুষের অচেনা আবেগে;
ঝরে যায় পরিযায়ী প্রেমের বাসনা।
সময়ের স্রোতে স্বার্থের প্রবঞ্চনায়
যে হারিয়ে যায় ভুল ঠিকানায়;
আপন স্মৃতিতে খুঁজে যেনো না পাই তারে
আপন আলোর উষ্ণ আঙ্গিনায়।
কল্পনায় স্বপ্নের অমৃত স্বাদ মিশে যায় রংধনুর রঙে
বিশ্বাসের চাদর উঁকি দেয় স্বপ্নহীন গহীন অরণ্যে।
অনুভূতির মায়ায় বেঁধে বিশ্বাসের স্বর্গ রচি,
প্রেম কাঁদে ধূসর কবিতায়,
কাগজের নীলিমায় জেগে ওঠে কতো স্মৃতি।
দু’দণ্ড শান্তিতে ছুটে যাই কালের অতীতে—
জানি না এ’পথ কতটা বাকি, সব বাধা পেরিয়ে হবে বুঝি শেষ নিষ্ঠুর নিয়তি!”