চাপ ছাড়া লোক যায় না পাওয়া যতই বেড়াও খুঁজে
মুখ দেখে চাপ কার কতোটা যায় না নেওয়া বুঝে।
ক্রেতার কাঁধে দরের বোঝা যখন এসে চাপে
চোখমুখ সব যায় শুকিয়ে বুক ধড়ফড় কাঁপে।
নিম্নচাপের কারণে ঝড়-বৃষ্টিতে হয় ক্ষতি
জলের চাপে ভাসলে দাঁড়ায় চরম সে দুর্গতি।
বসের চাপে অধস্তনের মুখ হয়ে যায় হাঁড়ি
ঋণের চাপে হয় বেচতে জমিজায়গা-বাড়ি।
খাপছাড়া চাপ পড়লে কারো যায় বিগড়ে মাথা
বকতে থাকে সব ভুলভাল যখন খুশি যা তা।
সর্বনাশা চাপে কেউ দেয় নিরুদ্দেশে পাড়ি
ছন্নছাড়া জীবন কাটায় বন্ধু-স্বজন ছাড়ি।
সংসারের চাপ যাদের থাকে তারাই বোঝে জ্বালা
সবার দাবি শুনে কর্তার কান হয় ঝালাপালা।
বুদ্ধিমানে সুকৌশলে সামলাতে চাপ জানে
চাপাচাপি হোক না যতই সব তোলে না কানে।