এখনো আমার সম্পর্কে তোমার প্রত্যাশা দিগন্তে হারানোর মত নয়,
শেষ হবার কথা নয়, কুঁড়ির আড়ালে লুকানো বিকশিত ফুলের সম্ভাবনা
শেষ হবার কথা নয়, ডিমের আড়ালে লুকানো প্রাণের বিকাশ
শেষ হবার কথা নয়,দূর নীলিমায় অজস্র নক্ষত্র আভার দ্যুতিময় আলোর বর্ণালী
তাই হয়ত এখনো —-
অন্য কাউকে ভালবেসে হয়নি দেউলিয়া
অন্য কাউকে দেখে মুগ্ধতায় হারায়নি
সম্যক সচেতন জ্ঞান
জীবনের কোন বড় অংশ কখনো অপেক্ষা করেনি
অন্য কারো পদধ্বনির জন্য
কারো জন্য তাকাতে তাকাতে
এখনো ঘোলাটে হয়নি পথের বিস্তীর্ণ আলো
কারো আবেগের যোজন-বিয়োজনে
মাতাল হয়নি বুকের শব্দমালা
কারো স্পষ্ট গভীর উচ্চারণে হারায়নি আমার প্রতিবিম্ব।
ছায়ার মায়ায় এত প্রেম কে জানত আগে!
কেবলই তুমি ছাড়া সবকিছু, ভূপৃষ্ঠ থেকে
মিল্কিওয়ের দিগন্ত রেখায় সবকিছু শূন্যরূপে জাগে।