নিষ্ঠুর নির্মম পরিস্থিতির কাছে
ভালোবাসা আজও বড়ো অসহায়,
জানি না কোন অজানা অপরাধে
ভালোবাসার মানুষরা দুরে সরে যায়।
তারা কেন জানিনা হৃদয় বোঝে না ,
অবুঝ মন তাই বড়ো নিরুপায়
তোমাকে ভালোবেসে ফেলেছি অজান্তে ,
পড়ে থাকে মন তোমার কাছেই
ভীষণ ভাবেই হারানোর ভয়।
গোধূলী আলোয় অন্ধকারে
জোনাকিরা মিটিমিটি জ্বলে ,
দিনের শেষে বেল,জুঁই,কামিনী
ডালিয়ারা ঝরে পড়ার গল্প বলে।
জীবন থেকে পার হয় জীবন,
যেন মৃত্যুর আগেও কয়েকটা ঘন্টা
বাজিয়ে ছিলাম স্মৃতির সান্নিধ্যে,
মনখারাপ পুষে বসে আছে খাঁচা।
মন একমনে এঁকে যায় তার ছবি
বুকে বেঁধে রাখা শত বিরহের পাতা,
পাখি ওড়ে না,ঠায় বসে থাকে নিয়ে
একরাশ থোকা থোকা নিঃসঙ্গতা।
বিরহেরা শরীরে আঁচড় কাটে
হই দিবারাত্র ক্ষতবিক্ষত-রক্তাক্ত,
তবুও কীভাবে কেন যে হায়
আরো আরো হয়ে যাই বিস্তারিত।
সুরক্ষার ভিতরে বাইরে বাসা বেঁধে
আছে কতো না গুন,ভাগ,যোগ,বিয়োগ,
আজও বেঁচে আছি লাশের মতো
হৃদয়ে বাসা বেঁধেছে যে মারন রোগ।