ভ্রুর ভাষায় সত্য-মিথ্যার নাচন থাকে
চোখের জিহ্বাতে লোভের লুকানো স্বাদ
নাকের জিহ্বা ভোগের ঘ্রাণে দশদিক খোঁজে,
খোঁজে স্বাদে ভরপুর আন্দোলিত আনন্দের বাজার
এক অদৃশ্য পাপে ডুবে গেছে শহর,ডুবছে চারপাশ।
হৃদয়ের অভিধান,অভিনয়,অভিযোগ
সবকিছু মুখশ্রীতে সংযোগ
মুখমন্ডল এক অন্তহীন পুস্তক
পাতায় পাতায় যার নিত্য কাহিনী,জীবনের স্তবক।
শরীরের ভাষা,হৃদয়ের আশা
দীপ্ত প্রতীম চাঁদ
সূর্য কে ডেকে আনে হাতের তালুতে
আলো আঁধারের বিন্যস্ত সংবাদ।
জন্মের ক্ষণ,জন্মের স্হান
ব্যবধানে ব্যবধানে ভিন্নতা দেয় ঢেলে
লাখো লাখো শিশু জন্মায় ক্ষণে ক্ষণে।
সমস্ত দেহ জুড়ে পবিত্র জ্যমিতি
আর নানা সংখ্যার সমাহার
সংখ্যাই সংকেত,সংখ্যাই সমষ্টি
আকৃতিগত, কাঠামোগত বিন্যস্ত রূপের আধার।
দেহখানা সংবাপত্র কি আছে অদৃশ্যে লেখা তার
খুঁজে দেখ,পড়ে দেখ —–
পাবে অজানা খবরের সমাহার।
১২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা, বাংলাদেশ।