কুয়াশা বিক্রি হয় না
কুয়াশা ছুঁয়ে দিলে
ভালোবাসার ছোঁয়া মেলে।
নীলগিরি দেখা হয়নি
বান্দরবনের সার্কিট হাউজের বাংলোয়
বেহালা আর তানপুরায় আকাশ হেসেছিলো সেই কবে
ভোরের কুয়াশা চাদর বিছিয়ে দিয়েছিলো ঘাসে
এলোমেলো পা ফেলেছিলো কুয়াশায়
মনেও পড়ে না
জীবনের বাঁক ঘুরে গেছে বাস্তবতায়।
জানা নেই জীবনের কাছে কতটা লেনাদেনা
কত নির্ঘুম রাত কেটে যায় অজানায়।
দেখা না হওয়া গোধূলি বিকেলের রৌদ্র ছায়া,
কাশফুলের হাসি, শেফালী ভোর,
ঘুমের চাদরে খসে পরা তারার গান।
উত্তরের হীমেল হাওয়ায় খুঁজে ফিরি
না পাওয়া সকাল, বিকেল, সন্ধ্যা
জোছনার আলোছায়া…
প্রতীক্ষারত হাজার বছর কাটে অপেক্ষায় নির্ঘুম
পাখির কলতান, বৃষ্টির গান, ঝিঝি পোকার নৈঃশব্দ্য তান।…
_______________________
জেমী/টরেন্টো/১৫ মে, ২০২৪