যে মধুর নেশা ঘোরে মধুকর ঘুরেফেরে
রূপ রস ভরা দেহময়
শেষ যবে হবে বেলা শুকাবে সে মধুবালা
রূপ রস শেষে হবে লয়।
কিছু দ্রুত লোপ পায় কিছু রেশ থেকে যায়
হয়তোবা আরো কিছু কাল
কালের করাল গ্রাসে একদা সকলি নাশে
ছিঁড়ে যায় সব মায়াজাল।
কত নাম কত জাতি কত যশ কত খ্যাতি
মহাপ্রাণ কত মহামতি
কত শত আয়োজন জীবনের প্রয়োজন
সে জীবন আজ শুধু স্মৃতি।
গোধুলির রঙে মিশে জীবনের রঙ শেষে
দিনে দিনে ফিকে হয়ে আসে
ভরা নদী যেতো বয়ে দু’কূল প্লাবিত হয়ে
আজ দেখি ভরে গেছে ঘাসে।
সৃষ্টি যা হ’লো আজ কত তার কারুকাজ রূপশোভা কত মোহময়
অপরূপ রূপশোভা যত হো’ক মনোলোভা
সময়ের সাথে হবে ক্ষয়।
জীবনের এত মোহ এত প্রেম এত স্নেহ
মুছে যায় এ জীবন হ’তে
ক্ষণিকের অবসর বালুচরে খেলাঘর
ভেসে যায় সময়ের স্রোতে।