1. admin@mannanpresstv.com : admin :
ভয়ঙ্কর প্রহসন -সরদার আব্বাস উদ্দিন - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ভয়ঙ্কর প্রহসন —সরদার আব্বাস উদ্দিন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৬৭ Time View
ছুঁয়ে দিলেই লজ্জাবতী যেমন নিজেকে গুটিয়ে নেয়,
মানুষ বলে যাদের জানি-
তারাও তেমনিভাবে আজ লজ্জাবতী সেজেছে।
বিবেকের উলঙ্গপনা ঢাকতে মুখ লুকিয়েছে উত্তপ্ত বালুতে
অন্যায়ের বিরুদ্ধে নিয়েছিলো যারা দীপ্তিময় সংকল্প-
স্বার্থের কাছে বিলীন হয় তাদের কল্যাণময় প্রেরণা।
কলমের কালিতে মিশিয়ে দেয়া হচ্ছে তৈলাক্ত মুদ্রা
চেতনার সংগ্রামী আলো আজ সুস্পষ্ট পক্ষপাতদুষ্ট
বিভীষিকাময় জীবনে বেঁচে থাকার ইচ্ছা যেখানে প্রবল
অধিকারের ব্যাকরণ সেখানে পরাধীনতার সুখ।
সময়ের বিবর্তনে চারপাশে আজ কত পরিবর্তন!
পাখিদের চিত্রকল্পে সুললিত বোধের জাগরণ নেই
গাছের পাতাগুলো ছাড়ছে না কোনো অক্সিজেন
রংধনু লুকিয়ে পড়েছে চারুকলার পাশের কোনো ঝোপে
আকাশের মেঝেতে মেঘেদের করা হয়েছে নিবন্ধনহীন।
সিংহের কেশরীতে আজ উকুনের উপদ্রব
বিষাক্ত গোখরো ফণা তুলে উপভোগ করছে উন্নয়ন
টিসিবির লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পিঁপড়ার দল
ঘরকুনোর মতো অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে দেহ
বিচারের পাকস্থলীতে বাসা বেঁধেছে উন্মাতাল ভ্রুণ।
ক্ষমতার নেশায় মত্ত হায়নাদের হাতে বন্দি গণতন্ত্র
অতিথি পাখিদের বোধে জেগেছে মানবতার দ্রোহ
বিড়ালের হাতে তুলে দেয়া হয়েছে শুটকির বাজার
ঘোড়ার গাড়িতে করে পৃথিবী ভ্রমণে উইপোকার দল
হিংস্র চোখে শকুন খুঁজে নিচ্ছে গিরগিটির তাজা রক্ত।
শিয়াল পণ্ডিতের সিলেবাস দেখে অট্টহাসিতে গাধা
টিকটিকির মতো লেজ ছেড়ে দিয়েছে বুদ্ধিজীবী সমাজ।
গরুর মনুষ্যত্ব নিয়ে টকশোতে ওঠে ঝড়,
রাজহংসীর সংবাদ সম্মেলনে তোতাপাখির প্রশ্ন শুনে-
লজ্জায় লাল হয়ে ওঠে বেওয়ারিশ কুকুরের দল।
তবুও ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে আধুনিক সভ্যতা
মন ও মস্তিষ্কের নিদারুণ ক্রন্দন ভেসে ওঠে বিশ্বাসে
পাঠশালার বেলাভূমিতে অদ্ভুত পরিবর্তন
কুচক্রী আগ্রাসনে সুবিন্যস্ত শিক্ষার হৃৎপিণ্ড ধুঁকতে থাকে
শীত আসার আগেই ঝরে যায় শিশুদের লালিত স্বপ্ন।
দিনের পর দিন বেড়ে চলেছে মাথাপিছু ঋণের বোঝা
কোষাগারে জমানো স্বর্ণ হচ্ছে লোপাট
গুনে গুনে বুঝিয়ে দেয়া হচ্ছে মূল্য সংযোজন কর
অপসংস্কৃতির ভ্যাপসা গন্ধে-
ঝুলে থাকা নগ্নতা শরমে লজ্জাবতীর মতো চুপসে যায়।
মহিমান্বিত বাণী যুগে যুগে বিপ্লবের সূচনা ঘটায়
মৃত্যুর সূত্রগুলো বীভৎস চেতনাকে রঙিন করে
মাথার উপরে চেপে থাকা রূপকথার জীবন্ত ইতিহাস-
ব্যবহৃত হয় বিরোধী শক্তির শাস্তির উপঢৌকনরূপে।
মানুষের লজ্জা ঢেকে রাখে স্মৃতিময় কিছু ইতিকথা
গাঢ় কালো অন্ধকারাচ্ছন্ন প্রকৃতিতে-
ইটের পরে ইট রেখে বানানো হয় অভিশপ্ত শোষণযন্ত্র।
রাষ্ট্রীয় সেমিনারে বিষয়বস্তুতে আসে নিখুঁত পরিবর্তন –
মনুষ্যজাতির চৈতন্যে লজ্জা ফিরিয়ে দেবার কৌশল
অথচ রাষ্ট্রের বিশুদ্ধ বোধে আজ ভয়ঙ্কর প্রহসন।
তারিখ: ২১.১১.২০২৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD