শরতের নীলাকাশের সাদা মেঘের ভেলা সরিয়ে
শিশিরে ভেজা স্নিগ্ধ ভোরের দূর্বা ঘাস মাড়িয়ে
আর শুভ্র কাশফুলের নরম ছোঁয়া নিয়ে তুমি কি
আর আসবে না সখা আমার প্রীতির বারান্দায়।
ডিমের কুসুমের মতো হলুদ সরিষা ফুলের পাঁপড়ি
আর গোধূলির লগ্নের পলাশের রঙ রাঙিয়ে আর
সন্ধ্যার আবীরে তোমার জন্য সাজিয়েছি আঁকা
বাঁকা মেঠো পথ।
চৈতি রাতের দখিনা মৃদু মলয় আর হৃদয়ের কিছু
কথামালা নিয়ে, শ্যাম রাখলের বাঁশির সুর দিয়ে
তোমার জন্য পিরিতের গান লিখেছি।
হৃদয়ের ঘরে কখন আসবে তুমি সখা
তোমার জন্য আজো আমি বড়ো একা।