এ সময়টায় আর ভালোবাসাবাসি নেই, প্রিয়তমা,
তাই ন্যাকা করে ভালোবাসি বোলো না আর।
যদি পারো—
এইকাল শুধু পাশে থাকার অঙ্গীকার করো,
এইকাল সমঝোতা করে জীবনটা পার করার অঙ্গীকার করো।
যদিও—
এ সময়ের অঙ্গীকারগুলো উইঢিবির মতো,
বড়ই ভঙ্গুর!
নাস্তার টেবিলে হরহামেশা আমার পানির গ্লাস ফসকে যায়
সয়ে নেবে, অঙ্গীকার করো
অফিস ফেরত এই আমি আজও গুছিয়ে রাখি না ছেড়ে দেয়া পোশাক, জুতো
চিৎকার করবে না, অঙ্গীকার করো
মনভুলো এই আমি তোমার বায়নাগুলো রেখে আসবো কোনো গিফট শপে
চোখে বর্ষা নামাবে না, অঙ্গীকার করো
অঙ্গীকার করো—
একপাতেই খেতে বসবে, একচোট বকে দেয়ার পরও
বা, তুমুল ঝগড়া করেও, আলিঙ্গনেই পার করবে ঘুমন্ত নগরীর সমূহ রাত।
ভালোবাসার দোহাই দিয়ে মিথ্যে বোলো না, প্রিয়তমা
মনে রেখো অঙ্গীকার ছিল—
সন্ধ্যেবেলায় ধূমায়িত চায়ের টেবিলে—
গল্পচ্ছলে লুটোপুটি খেলবে তোমার দীঘল চুল
বা, যখনতখন নাচাবে চোখের তারা
আমাকে টেনে নিবে তোমার বিপুল উচ্ছ্বাসে।
মনে রেখো অঙ্গীকার ছিল—
তুমি ঝড় হলে আমি বৃষ্টি নামাবো
সমূহ দুঃখের বসতি জুড়ে প্লাবন বহাবো ফাগুনের
অঙ্গীকার ছিল, একটা জীবন আমরা পার করে দেবো এক বিছানার এক মহাঘুমে।
ভালোবাসা থাক বা না থাক
অঙ্গীকারগুলো থেকে গেলে আমরা বাঁচিয়ে নেবো এই সংসার,
বাঁচিয়ে নেবো এই ভালোবাসাহীন সময়ের দ্বৈত জীবন।
এ সময়টায় আর ভালোবাসাবাসি নেই, প্রিয়তমা
তাই ন্যাকা করে ভালোবাসি বোলো না আর
যদি পারো—
অঙ্গীকার করো, ছেড়ে যাবে না কখনো
হোক তা উইঢিবির মতোই ভঙ্গুর।