গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি কার্যকরের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক অসন্তোষের জেরে মহানগরীর ৩৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে উত্তেজনা ও যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি ও হারিকেন এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মালেকের বাড়ি এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকরা প্রথমে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানা বুধবারের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এ পর্যন্ত মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অন্যান্য কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা চলছে। শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শ্রমিকদের দাবি ও কারখানা বন্ধের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে।