1. admin@mannanpresstv.com : admin :
ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নবী উল্লাহ নবীর ঘুষিতে আহত নেতা - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নবী উল্লাহ নবীর ঘুষিতে আহত নেতা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতা নবী উল্লাহ নবীর বিরুদ্ধে ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিমকে মারধরের অভিযোগ উঠেছে। একপর্যায়ে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চেয়ার ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ডেমরা থানাধীন হাজীনগরের ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল এবং কোনাপাড়া-গলাকাটা খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় বিএনপি নেতা নবী উল্লাহ নবী ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিমকে এলোপাতাড়ি ঘুষি মারেন। এতে সেলিম আহত হন। এ ঘটনার পরপরই ডেমরা থানা বিএনপির একটি পক্ষ ও নবী উল্লাহ নবীর অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অনুষ্ঠানের জন্য রাখা চেয়ার ভাঙচুর করা হয় এবং উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়।

পরে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম উভয় পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন।

ঘটনার বিষয়ে নবী উল্লাহ নবী বলেন, ডেমরা থানা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক নেতা এসএম রেজা চৌধুরী সেলিম ও মো. আনিসুজ্জামান বিনা দাওয়াতে দলবল নিয়ে অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তাঁর দাবি, তাঁরা আওয়ামী লীগের বহিরাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে এসেছিলেন। এ কারণে তাঁদের প্রতিহত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে, সংঘর্ষে আহত এসএম রেজা চৌধুরী সেলিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান বলেন, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডিএসসিসি প্রশাসক নিজে এবং দলীয় কার্যালয় থেকে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা ডেমরার বাসিন্দা ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। বিগত ১৭ বছরে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি ১০ বার কারাবরণ করেছেন বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, ডেমরার অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন, এটাই স্বাভাবিক। ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ও নবী উল্লাহ নবী—দুজনই তাঁদের নেতা এবং তাঁরা উভয়কে সম্মান করেন।

হামলার বিষয়ে আনিসুজ্জামান অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে সেলিমকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে নবী উল্লাহ নবী মঞ্চে আসেন এবং হৃদরোগে আক্রান্ত সেলিমকে এলোপাতাড়ি ঘুষি মারেন। তাঁর দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। সেলিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এদিকে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে বলে জানিয়েছেন দলটির প্রবীণ নেতাকর্মীরা। তাঁরা দ্রুত এ সমস্যার সমাধান করে ডেমরায় দলকে সুসংগঠিত করার দাবি জানিয়েছেন।

এ সময় হ্যান্ডমাইকে নেতাকর্মীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ধৈর্য ধারণ করতে হবে। তিনি বলেন, এখানে খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করতে এসেছেন। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করতে হবে। যারা বিশৃঙ্খলার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেন এবং গ্রুপিংয়ের স্লোগান দেওয়া নেতাকর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেন।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, ডিএসসিসি প্রশাসকের সামনে হঠাৎ মঞ্চে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করেন। পরে প্রশাসক দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করে।

ঘটনাকে কেন্দ্র করে ডেমরার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD