প্রেমিক হতে চেয়েছিলাম- হতে পারিনি
তবে শিখেছি ভালোবাসার নিখাদ বিনম্রতা।
বলেছিলে ভালোবাসার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি
যদি তোমার প্রশ্নের উত্তরে গড়তে পারি পবিত্র বিশ্বাস।
প্রেমিক হয়ে কাটাতে পারবো অবশিষ্ট সময়
তোমার সাথে গড়বে আমার ভালোবাসার অধিকার।
সেই থেকে শুরু আমার পরীক্ষার প্রস্তুতি।
আমি ভালোবাসার সংজ্ঞা খুঁজেছি অজস্র কবিতায়
আসমানের নীলের আভায় খুঁজেছি প্রসারিত হৃদয়।
সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে খুঁজেছি সম্পর্কের ছন্দ
দেশপ্রেমের আর্দ্রতা কিংবা আগ্রাসী যুদ্ধের প্রেরণা।
একজন নারী বৈবাহিক সম্পর্কের পর-
কীভাবে ছেড়ে আসছে তার শৈশবের উদার আকাশ।
আমার সাদা হৃদয় ভরেছে ভালোবাসার বৈশিষ্ট্যে।
ভালোবাসাকে জানতে গিয়ে আমি ছুঁয়ে দেখেছি রোদ
আমি গরিবের খুশি আর অনুভূতির সাথে মিশেছি
বুঝেছি ধনীর যাতনায় ঘেরা পরিতৃপ্তির কান্না।
জেনেছি কীভাবে নিশ্চিত হচ্ছে প্রাণীদের রিজিক
কতখানি ভালোবেসে বৃক্ষ ছাড়ছে অক্সিজেনের বিস্ময়
কীভাবে মাতৃ জঠরে বেড়ে উঠছে ভ্রুণের কোমল প্রেম।
পূর্ণ হয়েছে আমার অদৃশ্যের প্রতি দ্বিধাহীন বিশ্বাস।
তারপর একদিন তোমার দেয়া পরীক্ষায় অংশ নিলাম
দুটি আঙুলে নির্ধারিত ছিলো আমার আকাঙ্ক্ষিত প্রেম।
একটিতে তোমার সাথে আমার মনের আঁকিবুঁকি,
অন্যটিতে তুমিহীন বিবর্ণ জীবনের অযাচিত সিদ্ধান্ত।
তোমার মস্ত হাসিতে বুঝেছিলাম লটারিতে হেরেছি
অদৃশ্যের সাথে আমার প্রেমের সীমানা হলো পরিপক্ব।
প্রেমিক হতে গিয়ে সন্তর্পণে শিখলাম “ভালোবাসা”।