সমাজটা এখন চরম অন্ধত্বের চাদরে পড়েছে ঢাকা
সমাজের রন্ধ্রে রন্ধ্রে অমানবিকতার বীভৎস চিত্র আঁকা।
অধিকাংশের হ্নদ মাঝে মানবিকতার ছিটে ফোঁটা নেই,সবটাই ফাঁকা
নুন আনতে যাদের পান্তা ফুরোয় এতটুকু পাল্টায় না তাদের ভাগ্যের চাকা।
দল আসে দল যায় শুধুই সমাজের অবকাঠামোর খোলসটা পাল্টায়
কে খায় কে অনাহারে অভুক্ত রয়,তাতে কার কি বা আসে যায়?
অনাহারে বিনা চিকিৎসায় অনেকেই পড়ে থাকে তাই হয়ে অসহায়
সমাজটা যেমন ছিল তেমনি রয়ে যায়,যার এতটুকু নাহি পাল্টায়।
কেন যেন এখন অবজ্ঞা অবহেলায় ও কারো প্রতি কেহ বাড়িয়ে দেয় না হাত
পঞ্চান্ন বছর পরেও এই সমাজ জাতি ও হাতে পায়নি রাঙা প্রভাত।
ঘুম,খুন,হত্যা,ধর্ষণ,লুটপাটকে সাথী করেই করছে পার দিনরাত
কি লাভ হলো তবে হয়ে লাখো আর হাজারো শহীদ আর রক্তপাত?
ঘুরে দাঁড়াতে হবে,ঘুনে ধরা এই সমাজটাকে পাল্টে দিতে হবে আজ
যার তরে দল মত ভেদাভেদ ভুলে দেশকে ভালোবেসে করতে হবে কাজ।
সুশিক্ষা,সংস্কৃতি ও সম্প্রীতির চাদরে ঢেকে দিতে হবে সকাল-সাঁঝ
ঘুচে যাবে তখন আঁধার,আলোকিত হয়ে উঠবেই ঘুনে ধরা এ সমাজ