নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত ৪৮ ঘণ্টার এ অভিযানে তাদের আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ৮১ জনের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।