দিন শেষের গোধূলির আলো এসে পড়েছে তোমার মুখে, এমন সুন্দর রাতের জোসনা ভেজা মুখ আমি জীবনে দেখিনি,
কারো মুখে কোন কথা নেই।
সবুজ অরণ্যে সবটুকু আলো নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে,
বললাম, তোমায় এত চেনা লাগছে কেন?
তাই নাকি?
যেন বহু দিনের চেনা, যেন কত জন্মের পরিচয়!
হয় মশাই, কখনো কখনো এমন হয়।
তোমার আকাশী রঙের শাড়ির আঁচল তখন বাতাসে উড়ছিল।
কাউকে খুঁজতে বেরিয়েছো?
ভালোবাসার মানুষ। কবে থেকে আমি একজন সত্যিকারের ভালো মানুষ, ভালোবাসার মানুষ খুঁজছি।
ও, তাই বুঝি!
হ্যাঁতো।
আমি একজন ব্যর্থ মানুষ। আমার পায়ের তলায় জমি নেই।
কেন?
সাত বছর আগে নীলাঞ্জনা আমায় একলা ফেলে চলে গেছে।
যে চলে যাবার, সে তো থাকবে বলে আসেনি, একদিন ঠিক সে চলে যায়। ভালোবাসা থাকলে,
কেউ চলে যেতে পারে না।
আমি বুঝতে পারিনি।
সে ঠকেছে, তুমি নও। সে ভালোবাসার মর্ম বোঝেনি।
সেই থেকে আমি একা। আমার একলা ঘর। একটিমাত্র বারান্দা। একমাত্র আলো ছিল সে।
তোমার কোনো বন্ধু নেই?
গাছপালা রোদ্দুর, সূর্য তোরণ, আকাশের চাঁদ, সমুদ্রের ঢেউ, দুঃখী মানুষ আমার বন্ধু।
তুমি আমার পরিচয় জানবে না?
কে তুমি? আমার জীবনে, এমন অবেলায়?
আমি স্বপ্ন কুমারী। এই পৃথিবীর কেউ নই।
তোমার বাড়ি কোথায়?
আলোকবর্ষের ওপারে।
কি করে এলে?
পাহাড় ডিঙিয়ে ঝর্না পেরিয়ে।
কেন এলে?
মেঘ আনতে, পৃথিবীতে বৃষ্টি প্রয়োজন।
নীলাঞ্জনা আমার পৃথিবীটাকে মরুভূমি করে দিয়ে গেছে।
জানি তো। তুমি আমার সঙ্গে থাকো। আমার কাছে ভালোবাসার আলো পাবে।
সত্যি বলছো?
আমি কখনো মিথ্যা বলি না।
জানো, আমাকে কেউ কোনদিন ভালোবাসেনি, শুধু আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে।
বোকা কোথাকার! ভালোবাসা দেবার, ভালোবাসা নেবার শক্তি সবার থাকে না।
কী সহজ করে তুমি জীবনকে বোঝো, আমি বুঝিনা।
আমার সঙ্গে থাকো। এমনিতেই সব বুঝতে পারবে।
আমাকে কেউ কখনো শেখায়নি, আমার ভুলগুলো কেউ ধরিয়ে দেয়নি।
জীবন শিখিয়ে দেবে।
তোমার সঙ্গে আমার আগে দেখা হয়নি কেন?
সময় হয়নি, তাই।
সবার জন্য সময় হয়, শুধু আমার জন্য সময় হয় না। এমন বৈষম্য কেন?
তোমার পরীক্ষা চলছিল।
কে পরীক্ষা নিচ্ছিলেন?
তিনি।
কে তিনি?
যিনি সবার মাথার উপর আকাশে থাকেন।
বুঝেছি। ঈশ্বর।
আকাশের মতো খোলা মন তাঁর, সমুদ্রের মতো বিশাল হৃদয়,
বুঝেছি, এখন জীবনের কি মানে হয়। কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে?
দূরে ছিলাম, কাছে এলাম।
তোমার সঙ্গে আমার আগে দেখা হয়নি কেন?
তাঁর ইচ্ছে। তোমার কান্না যেদিন তাঁর কাছে পৌঁছলো, তারপর আমি তোমার কাছে এলাম।
কেন এলে?
আলো জ্বালবো বলে। যেখানে আলো নেই, সেখানে আমি আলো জ্বালাতে আসি।
ক্ষমা করো, আমি কারো করুণা চাই না।
করুণা নয়, ভালোবাসা।
তুমি আমাকে ভালোবাসো?
বাসি তো!
আমি ভাবতেই পারছি না।
সবাই নীলাঞ্জনা নয়।
মানে?
আমার কাছে এসো, এত ভালবাসা পাবে, তুমি বেরোতেই পারবে না।
তুমি কী আগের জন্মে আমার জীবনে ছিলে?
ছিলাম তো। অন্যরূপে, অন্য সম্পর্কে, অন্য পরিচয়ে।
তাহলে স্বীকার করছো, একটা সম্পর্ক ছিল।
ছিলই তো।