প্রেম সঙ্গে করে আছি
ইদানিং খালি হাতে থাকতে পারিনা,
খালি চোখে ঘুমাতে পারিনা,
চশমার মতো প্রেম লেগে থাকে মুখে,
হাতে পায়ে বুকে
সর্বত্র কবোষ্ণ আঠার মতো প্রেম শুয়ে থাকে।
নিঃশ্বাসে প্রেম,বিশ্বাসে প্রেম
সারা বেলা বৃদ্ধের লাঠির মতো প্রেম
ধরে ধরে হাঁটি,
সাঁকো পার হই,খাঁটি প্রেম
বাঁশের লগির মতো জল মেপে মেপে
নিয়ে যায় অনিন্দিতার ঘরে,কেঁপে
ওঠে অনিন্দিতা,বলে,আজও একলা এলেন?
শব্দ বলে ওঠে,একা তো আসিনি,
এই দেখো,রঙচঙে ছায়ার মতো
প্রেম আছে সাথে,
হাঁটু গেড়ে বসে আছে আমাদের পাতে।
মাঝে মাঝে একা একা যখন ঘুমাই
এলোমেলো স্বপ্নেরা ভীড় করে প্রাতে,
প্রেম ভয় পায়,
ডাংগুলি হারিয়ে ফেলা কিশোরের মতো
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে,
আমি ঘুম থেকে উঠে নিই তাকে কাঁধে,
দোলাই নাচাই,
ভালোবাসা পেয়ে প্রেম থেমে যায়,
কোলে চড়ে বসে,
আমাকে আগলে ধরে অনিন্দিতার মতো
হাঁপ ছেড়ে বাঁচে,
রাঙা হয় আঁটোসাটো ক্ষীণ লজ্জায়!
আজো আমি প্রেম সঙ্গে করে আছি,
এখানে ওখানে যাই
পানের কৌটার মতো সেও সাথে যায়,
অনিন্দিতার বাড়ি গেলে,
দুঃখ কষ্ট ভুলে একে একে সব তুলে দেয়।
হাতে আছে যাকিছু সম্ভার
গ্রহণের স্বাদ নিয়ে অনিন্দিতা প্রান ভরে কাঁপে
মেঘ থেকে নেমে আসে হাতে গোনা
একটি পাহাড়।