নিজস্ব প্রতিবেদক, লাকসাম: কুমিল্লার লাকসাম উপজেলায় গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) উপজেলার মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের পাশাপুর-বামন্ডা সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, “বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর। পাশাপুর-বামন্ডা সড়কটি নির্মিত হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটবে। টেকসই ও গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।”
সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি পাকা হওয়ার ফলে পাশাপুর ও বামন্ডা গ্রামসহ আশপাশের কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও জরুরি রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।