বৃষ্টির ঝিরিঝিরি তাত্ত্বিক স্বরধ্বনিতে,
আনমনা আমি —
বেখেয়ালে মনটা উড়ে নির্লিপ্ত অজানায়।
বিষণ্ণতার ক্যানভাস পোক্ত করে
পেঁচিয়ে ধরে অনুভূতির সমষ্টি–
আমি আমাতে ডুবতে থাকি
আস্তে আস্তে,হাতড়াই কত
নৈর্ব্যক্তিক প্রশ্নের স্তূপে–
এই আমি,কত কাঙ্খিত- অনাকাঙ্ক্ষিত
সময়ের সাবলীল সরল চিত্রপট এঁকেছি–
অজান্তে নিভৃতে কেঁদেছি,
দীর্ঘশ্বাস দুর্বল করেছে মননের
চৈতালি উপসংহার —
এখনো দাঁড় টানছি ভঙ্গুর সমর্থ্যে!
সন্ধ্যা আকাশের তারাও কেমন যেন
বিষাদ চোখে তাকাচ্ছে মুখ পানে,
কথা ছিলো তারার সাথে
বলতে অক্ষম আমি–
নয়নের জল গড়াচ্ছে চিবুক বেয়ে।
বিষন্ন সন্ধ্যার আকাশ ঘন আঁধারে
প্রবেশের পথে ফিরে দেখছে
বিমর্ষ মনের মুমূর্ষতা!
আঁধারকে ভালোবেসে আমিও
সঙ্গী হলাম গভীর রহস্যে ঢুকতে–
অনেক না বলা ব্যক্ততা
নিয়ে গেলাম ঝুলিতে–
শূন্যতার একটি ঘটি রেখে গেলাম
পরিচিত পারিপার্শিকতায়
পরিজনের সমীক্ষায়।